ডিজিটাল লেনদেনকে আরও দ্রুত, সহজ ও মার্চেন্ট-বান্ধব করতে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সম্পন্ন সব পেমেন্টের অর্থ সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে তাৎক্ষণিকভাবে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮(২) ধারার আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে সব বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে প্রদান করতে হবে। একই সঙ্গে এ তারিখ থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের সার্কুলারে বর্ণিত নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
বর্তমানে ছোট মার্চেন্টদের ক্ষেত্রে অনেক সময় তাৎক্ষণিক জমা হলেও বড় মার্চেন্টদের ক্ষেত্রে এক দিন পর্যন্ত সময় লাগতে পারে। নতুন নির্দেশনা কার্যকর হলে এ অপেক্ষার অবসান ঘটবে এবং মার্চেন্টদের নগদ প্রবাহ আরও দ্রুত হবে।
এছাড়া ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে (থাম্ব জোন) বাংলা কিউআর পেমেন্টের আইকন দৃশ্যমান ও সহজে ব্যবহারযোগ্য করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ৬ জানুয়ারি ২০২১ তারিখের সার্কুলারে নির্ধারিত লোগো অনুসারে আইকন প্রদর্শন করতে হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যানের পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট সম্পন্ন করার ব্যবস্থা চালু করতে হবে। একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা দিতে হবে।
বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত জাতীয় ইন্টারঅপারেবল কিউআর পেমেন্ট স্ট্যান্ডার্ড, যা ১ জুলাই ২০২৬ থেকে সব মার্চেন্ট পয়েন্টে বাধ্যতামূলক করা হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করা এবং মার্চেন্টদের বাংলা কিউআর গ্রহণে উৎসাহিত করা। এর ফলে নগদ লেনদেন কমে ক্যাশলেস অর্থনীতির দিকে দেশ আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।