আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ এলাকা ও শহরে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য বিপদের আশঙ্কা জানিয়ে এই বিশেষ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে সোমবার সকালে।

এই সতর্কতার নেপথ্যে রয়েছে প্রতিবেশী দেশ ইয়েমেনে চলমান সামরিক সংঘাতের আকস্মিক তীব্রতা বৃদ্ধি। ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ নতুন করে বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে। সম্প্রতি লোহিত সাগর ও কৌশলগত জলসীমায় হুতিরা তাদের প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর ফলে এই আঞ্চলিক উত্তেজনা সৌদি সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

বর্তমানে ইয়েমেনের তাইজ, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। পাশাপাশি হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলাও চলমান রয়েছে। এর আগে গত সপ্তাহে সৌদির খামিস মুশাইত এলাকায় জারি করা একটি জরুরি সতর্কতা প্রত্যাহার করা হয়েছিল, যদিও সে সময় কর্তৃপক্ষ সুনির্দিষ্ট হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সৌদি আরবে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত থাকায় এই ধরনের সতর্কতা তাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষজ্ঞরা প্রবাসীদের ঝুঁকিপূর্ণ ও সতর্কতা জারি হওয়া এলাকাগুলো এড়িয়ে চলা, স্থানীয় কর্তৃপক্ষ ও দূতাবাসের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনীয় তথ্যের জন্য নিয়মিত সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।