পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর আগের দিন পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে অপহরণ করা হয়েছিল।
মঙ্গলবার (৩ নভেম্বর) মোটরসাইকেলে আসা হামলাকারীরা একটি পুলিশ গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় পুলিশ সদস্যরা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তা দিতে পাশের একটি গ্রামে যাচ্ছিলেন।
পুলিশ কর্মকর্তা আলী রহমান খান বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলায় দুই পুলিশ সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। তবে হামলার সময় পুলিশ গাড়িতে কোনো পোলিও টিকাদান কর্মী উপস্থিত ছিলেন না।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানে এ ধরনের হামলার সঙ্গে অতীতে পাকিস্তান তালেবান (টিটিপি) এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা দেখা গেছে। এসব গোষ্ঠী ভুলভাবে বিশ্বাস করে, পোলিও টিকাদান কর্মসূচি শিশুদের বন্ধ্যা করার উদ্দেশ্যে পরিচালিত পশ্চিমা ষড়যন্ত্রের অংশ।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মঙ্গলবারের হামলাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা জাতীয় দায়িত্ব পালন করছেন। তাঁদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া হবে না।
অপহৃত চার পুলিশ সদস্যের এখনো সন্ধান মেলেনি
এর আগে সোমবার (২ নভেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে অপহরণ করা হয়। এখনো তাঁদের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানে এখনো পোলিওর সংক্রমণ রয়েছে
বিশ্বে পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানই একমাত্র দুটি দেশ, যেখানে এখনো বন্য পোলিও ভাইরাসের সংক্রমণ স্থানীয়ভাবে বিদ্যমান। গত বছর পাকিস্তানে পোলিও আক্রান্তের সংখ্যা ছিল ৩১।
এদিকে, গত রোববার (১ নভেম্বর) দেশটির ৯৭টি উচ্চঝুঁকিপূর্ণ জেলায় প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকার আওতায় আনতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
একই দিনে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খাইবার জেলার ১৩ মাস বয়সী এক শিশুকন্যার শরীরে চলতি বছরের অষ্টম পোলিও সংক্রমণ শনাক্ত হয়। চলতি বছর প্রদেশটিতে এখন পর্যন্ত ছয়টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, সিন্ধু প্রদেশে শনাক্ত হয়েছে দুটি।


Comments (0)
Log in to join the discussion.
Be the first to comment.