আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির দিনগুলো সমন্বয় করতে আজ ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সারা দেশে সরকারি অফিস-আদালত খোলা রাখা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, আজ নিয়মিত সময়সূচি মেনেই চলছে সব দপ্তরের দাপ্তরিক কার্যক্রম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে নিতে এবং কাজের ভারসাম্য বজায় রাখতেই ঈদের আগের এই শনিবারের (২৩ মে) সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

সরেজমিনে বিভিন্ন সরকারি দপ্তর ও সচিবালয় ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির আগে আজ শেষ শনিবার হওয়ায় অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই ঈদের আগে তাদের জরুরি ও পেন্ডিং কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। আগামীকাল ২৪ মে (রবিবার) হবে ঈদের ছুটির আগে শেষ কার্যদিবস। এরপরই মূলত শুরু হবে কাঙ্ক্ষিত ঈদের ছুটি।

এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ৭ দিনের টানা ছুটির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

তবে জরুরি পরিষেবাগুলো (যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, বন্দর কার্যক্রম এবং ডাক ও টেলিযোগাযোগ) এই ছুটির আওতামুক্ত থাকবে এবং যথারীতি চালু থাকবে। দীর্ঘ এই ছুটির কারণে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।